
খাদিমুল ইসলাম বানারহাট:- নাগরাকাটা ব্লকের ধুমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চালু হলো অ্যাম্বুলেন্স পরিষেবা। এই পরিষেবা চালু হওয়ায় আংড়াভাষা–১ ও আংড়াভাষা–২ গ্রাম পঞ্চায়েত-সহ বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
স্থানীয়দের বক্তব্য, এতদিন এই স্বাস্থ্যকেন্দ্রে অ্যাম্বুলেন্স না থাকায় রোগীকে শিলিগুড়ি, মালবাজার, জলপাইগুড়ি-সহ বিভিন্ন সরকারি হাসপাতালে রেফার করতে গেলে পরিবারের সদস্যদের নিজস্ব অর্থ খরচ করে গাড়ির ব্যবস্থা করতে হতো। বিশেষ করে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জন্য এটি ছিল বড় সমস্যা। এবার স্বাস্থ্যকেন্দ্রে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হওয়ায় এলাকাজুড়ে খুশির পরিবেশ তৈরি হয়েছে।
নাগরাকাটা মণ্ডল-২ বিজেপির সভাপতি মান্না দে জানান, ২০২১-২২ সালে নাগরাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেংরার বিধায়ক তহবিল থেকে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য এই অ্যাম্বুলেন্সটি কেনা হয়েছিল। তাঁর দাবি, তৎকালীন তৃণমূল সরকারের আমলে বিধায়কের উদ্যোগের কৃতিত্বের বিষয়টি সামনে আসবে বলে অ্যাম্বুলেন্সটি সাধারণ মানুষের পরিষেবায় আনুষ্ঠানিকভাবে চালু করা হয়নি। যদিও পরবর্তীকালে পাহাড় ও সমতলে ভারী বৃষ্টিজনিত দুর্যোগের সময় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে গাড়িটি ব্যবহার করা হয়েছিল। এরপর দীর্ঘদিন সেটি বিডিও অফিসে পড়ে ছিল বলেও দাবি করেন তিনি।বিজেপির দাবি, বর্তমানে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর ধুমপাড়া স্বাস্থ্যকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুমপাড়া স্বাস্থ্যকেন্দ্রের দুই স্বাস্থ্য আধিকারিক, নাগরাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেংরা, নাগরাকাটা মণ্ডল-২ সভাপতি মান্না দে এবং অন্যান্য বিজেপি কর্মী-সমর্থকরা। দীর্ঘদিনের অপেক্ষার পর স্বাস্থ্যকেন্দ্রে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হওয়ায় এলাকার বুদ্ধিজীবী, সাধারণ মানুষ ও খেটে খাওয়া পরিবারগুলির মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।

