
খাদিমুল ইসলাম বানারহাট :- নাগরাকাটায় অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবার দাবিতে বৃহস্পতিবার নাগরাকাটার বিভিন্ন চা-বাগান ও সংলগ্ন এলাকার বাসিন্দারা নাগরাকাটা ব্লক উন্নয়ন দফতরে (বিডিও অফিস) গিয়ে নাগরাকাটায় অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান প্রতিষ্ঠান (এমস/AIIMS) স্থাপনের দাবিতে একটি যৌথ স্মারকলিপি জমা দেন।স্মারকলিপিটি ব্লক উন্নয়ন আধিকারিকের মাধ্যমে রাজ্য সরকার ও স্বাস্থ্য দফতরের উদ্দেশে পাঠানো হয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার ও শিলিগুড়ির সাংসদ, স্থানীয় বিধায়ক, জেলা শাসক এবং মাল মহকুমা শাসকের কাছেও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ব্লক উন্নয়ন আধিকারিক জয়প্রকাশ মণ্ডল সরকারি কাজে অফিসের বাইরে থাকায় প্রতিনিধিদলটি যুগ্ম ব্লক উন্নয়ন আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চল, বিশেষ করে নাগরাকাটা, এখনও উন্নত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত। গুরুতর অসুস্থতার চিকিৎসার জন্য রোগীদের শিলিগুড়ি, কলকাতা বা অন্যান্য বড় শহরে যেতে হয়। এতে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের উপর আর্থিক চাপ বাড়ে এবং সময়মতো চিকিৎসা না পাওয়ায় অনেক ক্ষেত্রেই রোগীর অকালমৃত্যু ঘটে।
স্মারকলিপি প্রদানকারী নাগরিকদের বক্তব্য, ভৌগোলিক দিক থেকে নাগরাকাটা উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে এমস হাসপাতাল নির্মাণের জন্য পর্যাপ্ত সরকারি জমি রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং প্রতিবেশী রাজ্য সিকিমের মানুষের কাছেও নাগরাকাটা সহজে যোগাযোগযোগ্য। এখানে এমস স্থাপিত হলে সমগ্র ডুয়ার্স ও সীমান্তবর্তী এলাকার লক্ষ লক্ষ মানুষ বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাবেন।
স্মারকলিপিতে আরও বলা হয়েছে, এমস প্রতিষ্ঠিত হলে চিকিৎসা পরিষেবার পাশাপাশি চিকিৎসা শিক্ষা ও গবেষণারও প্রসার ঘটবে। স্থানীয় ব্যবসা, পরিবহণ ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে এবং হাজার হাজার যুবক-যুবতীর প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে চা-বাগানে বসবাসকারী শ্রমিক পরিবারগুলি সময়মতো উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পাবে।
প্রকাশ সাহা, ফাগু তির্কি, আশিক নায়েক, সঞ্জয় কুমার সাহা, জগদীশ গন্ড, সুদীপ সার্কি, মুকেশ সিং, পিঙ্গল গোয়ালা, পরিমল ওরাঁও, অজিত ওরাঁও এবং সুদামা বিশ্বকর্মা যৌথভাবে জানান, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের উন্নয়নের জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ঘোষণা করেছেন। সেই প্রেক্ষাপটে নাগরাকাটার মতো পিছিয়ে পড়া এলাকায় এমস প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। তাঁদের মতে, নাগরাকাটা উত্তরবঙ্গের একটি কেন্দ্রীয় অবস্থানে অবস্থিত এবং এখানে পর্যাপ্ত জমিও রয়েছে। ফলে এখানে এমস গড়ে উঠলে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, সিকিম ও সমগ্র ডুয়ার্সের মানুষ আধুনিক স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাবেন।
তাঁরা আরও বলেন, উন্নত স্বাস্থ্য পরিষেবার অভাবে প্রতি বছর বহু মানুষের অকালমৃত্যু হচ্ছে। নাগরাকাটায় এমস হাসপাতাল গড়ে উঠলে এই ধরনের ঘটনা অনেকটাই কমবে। পাশাপাশি এলাকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং কাজের সন্ধানে অন্য রাজ্যে চলে যাওয়ার প্রবণতাও কমবে। বর্তমানে এই এলাকার বহু যুবক কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে রয়েছেন। নাগরাকাটায় এমস স্থাপিত হলে তাঁদের আর রাজ্যের বাইরে যেতে হবে না।
এ বিষয়ে ব্লক উন্নয়ন আধিকারিক জয়প্রকাশ মণ্ডল বলেন, “স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপের জন্য আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।”
উল্লেখ্য, স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন প্রকাশ সাহা, ফাগু তির্কি, আশিক নায়েক, সঞ্জয় কুমার সাহা, জগদীশ গন্ড, সুদীপ সার্কি, মুকেশ সিং, পিঙ্গল গোয়ালা, পরিমল ওরাঁও, অজিত ওরাঁও, সুদামা বিশ্বকর্মা-সহ অন্যান্যরা।

