
খাদিমুল ইসলাম বানারহাট:- আগামী প্রজন্মের সুস্থ, সচেতন ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার ভিত্তি রচিত হয় শিক্ষাপ্রতিষ্ঠানেই। সেই লক্ষ্যেই এবার বিদ্যালয়ে গিয়ে ছাত্র-ছাত্রীদের বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতার বার্তা দিল বানারহাট থানার পুলিশ প্রশাসন। বানারহাটের ধাপিদেবী বালিকা বিদ্যালয়ে আয়োজিত এক সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত থেকে বানারহাট থানার আইসি সুরোজ থাপা ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বাল্যবিবাহের কুফল, আইনি দিক এবং এর ফলে ভবিষ্যতে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি মাদক ও নেশাজাতীয় দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কেও শিক্ষার্থীদের সচেতন করা হয়। আইসি জানান, কোথাও বাল্যবিবাহের চেষ্টা বা এ ধরনের কোনো ঘটনা নজরে এলে দ্রুত বানারহাট থানাকে জানাতে হবে, যাতে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এদিনের অনুষ্ঠানে সমাজসেবী মন্টু দাস, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছাত্রীদের বিভিন্ন প্রশ্ন ও মতামতও মনোযোগ দিয়ে শোনেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গেছে, ভবিষ্যতেও এলাকার বিভিন্ন বিদ্যালয়ে ধারাবাহিকভাবে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে, যাতে বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সমাজকে আরও সচেতন করে তোলা যায়।

