
খাদিমুল ইসলাম বানারহাট:- জঙ্গল সংলগ্ন চানাডিপা, মধ্য শালবাড়ি ও উত্তর চানাডিপা গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের সমস্যায় ভুগছেন। বর্ষাকাল তো বটেই, শুষ্ক মৌসুমেও প্রায়ই বিদ্যুৎ চলে যাওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি বা হাওয়া হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দিনে অন্তত ১৪ থেকে ১৫ এবং রাতে আট থেকে নয়বার পর্যন্ত বিদ্যুৎ চলে যায় বলে দাবি তাঁদের। এর ফলে নিত্যদিনের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জঙ্গল সংলগ্ন হওয়ায় এই এলাকার মানুষ রাতের বেলা হাতির গতিবিধি পর্যবেক্ষণের জন্য টর্চলাইট ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামের ওপর নির্ভরশীল। কিন্তু ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেগুলি ঠিকমতো চার্জ করা সম্ভব হয় না। ফলে রাতে হাতির উপস্থিতি টের পেতে সমস্যার মুখে পড়ছেন বাসিন্দারা। স্থানীয়দের দাবি, অতীতে বিদ্যুৎ না থাকার কারণে অন্ধকারে মানুষ ও বন্যপ্রাণীর মুখোমুখি হওয়ার ঘটনাও ঘটেছে। তাই নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হলে এমন ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। অন্যদিকে, এলাকার বহু মানুষ টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে টোটো চার্জ দিতে না পারায় তাঁদের আয়ও ব্যাহত হচ্ছে। ফলে আর্থিক সমস্যারও সম্মুখীন হচ্ছেন অনেক পরিবার। বাসিন্দাদের আরও অভিযোগ, বিদ্যুতের বিল নিয়মিত পরিশোধ করা হলেও দীর্ঘদিন ধরে এই সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। বিষয়টি একাধিকবার বিদ্যুৎ দপ্তরের নজরে আনা হলেও এখনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাঁদের। এলাকাবাসীর আবেদন, জঙ্গল সংলগ্ন এই এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করে দ্রুত সমস্যার স্থায়ী সমাধান করা হোক, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা ও দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক থাকে।

