
খাদিমুল ইসলাম বানারহাট:- উত্তরবঙ্গে লাল সতর্কতার আবহে রাতভর টানা বৃষ্টির জেরে ভেঙে গেল নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুর একাংশ। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী, গাড়িচালক এবং নিত্যযাত্রীরা। রবিবার গভীর রাত থেকে অবিরাম বৃষ্টির ফলে নোনাই নদীর জলস্তর বৃদ্ধি পায়। এর জেরেই অস্থায়ী ডাইভার্সন সেতুর একাংশ ভেঙে যায়। ফলে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘক্ষণ ধরে রাস্তার দু’ধারে যানবাহনের সারি তৈরি হয়। অভিযোগ, সেতুর একাংশ ভেঙে যাওয়ার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও পূর্ত দপ্তরের কোনও আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেননি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে স্থানীয় কয়েকজন যুবক স্বেচ্ছায় উদ্যোগ নিয়ে ঝুঁকি নিয়েই ছোট গাড়িগুলিকে পারাপারে সহায়তা করছেন, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা কমে।
উল্লেখ্য, এর আগেও নোনাই নদীর পুরনো সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পর অস্থায়ীভাবে এই ডাইভার্সন সেতু নির্মাণ করা হয়েছিল। পূর্ত দপ্তর সূত্রে জানানো হয়েছিল, খুব শীঘ্রই নোনাই নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হবে। এখন এলাকাবাসীর প্রশ্ন, বর্ষাকালে বারবার একই সমস্যার মুখে পড়তে হচ্ছে কেন, এবং দুরামারি-নাথুয়া এলাকার মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগের স্থায়ী সমাধান কবে হবে।

