খাদিমুল ইসলাম, বানারহাট:- বিধানসভা ভোটের মুখে জোরকদমে প্রচারে নেমেছে বিএসপি। মঙ্গলবার সকাল থেকেই মাদারিহাট বিধানসভার বিএসপি প্রার্থী ইসাক রাভা কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে গয়েরকাটা, বিন্নাগুড়ি ও তেলিপাড়া এলাকায় প্রচার চালান।
এদিন তিনি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং সেই সমস্যার সমাধানের লক্ষ্যে বিএসপি-কে ভোট দেওয়ার আবেদন জানান। প্রার্থী দাবি করেন, মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন এবং আগামী দিনে দুর্নীতিমুক্ত প্রশাসন ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মানুষ তার উপরই ভরসা রাখবে।
পাশাপাশি ইসাক রাভা বলেন, তাদের প্রচার প্রতিনিয়ত আরও জোরদার করা হচ্ছে। বিশেষ করে পিছিয়ে পড়া বিভিন্ন জনজাতির সমস্যা তুলে ধরার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা। রাজ্যে কর্মসংস্থানের অভাবের কারণে বহু যুবক-যুবতীকে ভিন রাজ্যে কাজের খোঁজে যেতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থাও সমালোচনা করে তিনি আশ্বাস দেন, ক্ষমতায় এলে সাধারণ মানুষের সমস্যাকে প্রাধান্য দিয়ে শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে কাজ করবেন।
এদিকে ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক দলগুলির প্রচারের গতি বাড়ছে। প্রত্যেক দলই নিজেদের জমি শক্ত করতে মাঠে নেমে পড়েছে জোর প্রচারে।


