মহম্মদ শাহজাহান আনসারী, ইন্দাস, বাঁকুড়া:- বিজেপি প্রার্থীর ভোট প্রচারকে কেন্দ্র করে বিজেপি তৃনমূল সংঘর্ষ, সাত বছরের এক শিশু সহ আহত দুপক্ষের একাধিক, অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত বাঁকুড়ার ইন্দাস, বিজেপি প্রার্থীকে দেখে জয় বাংলা স্লোগান গ্রামের মহিলা তৃণমূল কর্মীদের, প্রচার বন্ধ করে আহত শিশু কন্যাকে নিয়ে সটান থানায় হাজির ইন্দাস বিধানসভার তৃণমূল প্রার্থী ও ব্লক সভাপতি,
বিজেপি প্রার্থীর ভোট প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল তৃনমূল ও বিজেপি। দুপক্ষের মধ্যে সংঘর্ষের জেরে আহর হয়েছে গ্রামের এক শিশু সহ দুপক্ষের বেশ কয়েকজন। গতকাল সন্ধ্যার মুখে ঘটনাটি ঘটে বাঁকুড়ার ইন্দাস বিধানসভার বেহার গ্রামে। ঘটনার কথা জানতে পেরে প্রচার বন্ধ করে আহত শিশুকে কোলে নিয়ে ইন্দাস থানায় হাজির হয়ে বিজেপি প্রার্থীকে গ্রেফতারের দাবিতে সরব হন ইন্দাসের তৃনমূল প্রার্থী সহ তৃনমূলের ব্লক সভাপতি ও কর্মী সমর্থকেরা। গোটা ঘটনার জন্য পাল্টা তৃনমূলকে কাঠগোড়ায় তুলেছেন বিজেপি প্রার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল দিনভর বাঁকুড়ার ইন্দাস বিধানসভার মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার চালাচ্ছিলেন ইন্দাসের বিজেপি প্রার্থী নির্মল ধাড়া। দুপুরের খাওয়া দাওয়ার পর ওই গ্রাম পঞ্চায়েতের বেহার গ্রামে প্রচার করতে যাওয়ার কথা ছিল বিজেপি প্রার্থীর। তৃনমূলের অভিযোগ প্রচারের নামে বিজেপি প্রার্থীর নেতৃত্বে বিজেপির মদ্যপ কর্মীরা বেহার গ্রামে চড়াও হয়ে তৃনমূল কর্মীদের মারধোর করতে শুরু করে। বাদ পড়েনি সাত বছরের এক শিশু সহ গ্রামের মহিলারাও। ঘটনায় আহত হয় ৭ বছরের এক শিশু। তড়িঘড়ি আহত শিশুকে ইন্দাস থানার পুলিশ নিয়ে যায় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। খবর যায় তৃণমূল প্রার্থীর কাছে এরপর তৃনমূল প্রার্থী শ্যামলী রায় বাগদী সহ তৃনমূলের ব্লক সভাপতি ও অন্যান্য নেতৃত্ব সেখানে উপস্থিত হয়। সেখানে চিকিৎসার পর ওই শিশুকে কোলে নিয়ে ইন্দাস থানায় হাজির হয়ে এই ঘটনার জন্য ইন্দাসের বিজেপি প্রার্থী নির্মল ধাড়াকে গ্রেফতারের দাবি জানায় তৃনমূল। গ্রামবাসীদের পক্ষ থেকে ইন্দাস থানায় মারধোর ও শ্রীলতাহানির অভিযোগ জানানো হয়।
অন্যদিকে বিজেপির দাবি বেহার গ্রামে বিজেপি প্রার্থী পৌঁছানোর আগে বিজেপির একটি প্রচার গাড়ি গ্রামে পৌঁছালে তৃনমূল কর্মীরা ওই প্রচার গাড়িকে আটকে গাড়িতে থাকা বিজেপি কর্মীদের একটি ক্লাবে বন্দী করে রাখে। খবর পেয়ে বিষয়টি ইন্দাস থানায় জানালে কেন্দ্রীয় বাহিনী ও ভিএসটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ। পরে ইন্দাসের বিজেপি প্রার্থী গ্রামে পৌঁছালে শিশুদের এগিয়ে দেওয়া হয়। পিছন থেকে তৃনমূলের মহিলা কর্মীরা বিজেপি কর্মীদের লক্ষ্য করে যথেচ্ছ ইট পাটকেল ছুঁড়তে শুরু করে। সেই ইটের আঘাতেই শিশুটি আহত হওয়ার পাশাপাশি বিজেপির কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছেন বলে দাবি বিজেপির। বিজেপির দাবি বিজেপিকে রুখতেই এই ধরণের গন্ডগোলের পরিকল্পনা করেছিল তৃনমূল।
এরপরেই বিজেপি প্রার্থী গ্রামের মাঝখান দিয়ে পুলিশ ও কেন্দ্র বাহিনীর নিরাপত্তায় বেরিয়ে যেতে থাকলে তখন গ্রামবাসীরা তাকে ঘিরে জয় বাংলা স্লোগান দিতে থাকে। পাল্টা বিজেপিও জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। সব মিলিয়ে ভোটের আগে উত্তপ্ত হয়ে ওঠে ইন্দাস বিধানসভা।


