খাদিমুল ইসলাম, বানারহাট:- ডুয়ার্সের বানারহাট থানার অন্তর্গত মগলকাটা জ্বালাপাড়া চা বাগানের ২ নং সেকশন। এলাকা থেকে অবশেষে বনদপ্তরের পাতানো খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ। দীর্ঘদিন ধরে ওই এলাকায় চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। যার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বিন্নাগুড়ি বন্যপ্রাণ দপ্তরে বিষয়টি জানানো হলে বনকর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে এলাকায় খাঁচা বসান। সোমবার রাতে সেই খাঁচাতেই ধরা পড়ে চিতাবাঘটি। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা খাঁচার ভিতরে বন্দি অবস্থায় চিতাবাঘটিকে দেখতে পেয়ে বনদপ্তরকে খবর দেন। এরপর বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। উল্লেখ্য অতীতে এই এলাকায় চিতাবাঘের হামলায় এক কিশোরের মৃত্যুর ঘটনাও ঘটেছিল। সেই ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছিল। অবশেষে চিতাবাঘটি খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা।
বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের রেঞ্জ অফিসার, হিমাদ্রি দেবনাথ বলেন” চিতা বাঘটিকে খাঁচা বন্দি অবস্থায় নিরাপদ ভাবে উদ্ধার করা হয়েছিল পর্যবেক্ষণের পর সেই চিতা বাঘটিকে আবারো পুনরায় গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। পাশাপাশি বানারহাট ব্লকের বিভিন্ন চা বাগানে যেসব এলাকায় চিতা বাঘের আতঙ্ক ছড়িয়েছে সেসব এলাকায় একাধিক খাঁচা বসানো হয়েছে। এবং সাধারণ মানুষকেও সচেতন করা হচ্ছে রাতে চা বাগান এলাকাগুলোতে যদি ঘোরাফেরা না করার জন্য পাশাপাশি বিভিন্ন জায়গায় মানুষ অঙ্গাত এবং চিতাবাঘের হানায় যখন হওয়ার ঘটনায় মানুষকে সচেতন করার জন্য প্রচার করা হচ্ছে জোরদার ভাবে বিভিন্ন চা বাগান এবং বিভিন্ন জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে।


