খাদিমুল ইসলাম, বানারহাট:- বেআইনি মদের কারবার রুখতে বড় সড় অভিযান চালাল ডুয়ার্সের জলপাইগুড়ি জেলার” বানারহাট থানার পুলিশ ও আবগারি দপ্তর। বুধবার সকালে জলপাইগুড়ি জেলার হলদিবাড়ি চা বাগান এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানে চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও কাঁচামাল নষ্ট করে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন চা শ্রমিক মহল্লার বিভিন্ন মদের ঠেকে তল্লাশি চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কারবারিরা গা ঢাকা দেওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের পাশাপাশি গ্রামবাসীদের চোলাই মদ তৈরির কুফল এবং এর আইনি পরিণাম সম্পর্কে সচেতনও করা হয়। বানারহাট থানার আইসি সুরজ থাপা জানান, “এলাকাকে নেশামুক্ত রাখতে এবং বেআইনি মদের রমরমা বন্ধ করতে পুলিশের এই কড়া নজরদারি ও অভিযান আগামী দিনেও নিয়মিত জারি থাকবে।”


