
খাদিমুল ইসলাম বানারহাট :- ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানের ১০ নম্বর সেকশনে অবশেষে খাঁচাবন্দি হল আতঙ্কের চিতাবাঘ। বৃহস্পতিবার ভোরে ১০ নম্বর সেকশনের পাম্প হাউসের সামনে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে চা বাগান এলাকায় চিতাবাঘের আনাগোনা দেখা যাচ্ছিল। মাঝে মধ্যেই ছাগল ও গরু নিখোঁজ হওয়ার অভিযোগও উঠছিল। ফলে আতঙ্কে ছিলেন চা বাগানের শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা। শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে বুধবার বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের পক্ষ থেকে ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করে পাম্প হাউস সংলগ্ন এলাকায় খাঁচা পাতা হয়। এরপর বৃহস্পতিবার ভোরে শ্রমিকরা চিতাবাঘের গর্জন শুনতে পান। কাছে গিয়ে তাঁরা দেখতে পান, খাঁচার ভিতরে বন্দি রয়েছে চিতাবাঘটি। খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। চিতাবাঘের ছবি তুলতে ভিড় করেন মহিলা, পুরুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারাও। বন দফতর সূত্রে জানা গিয়েছে, খাঁচাবন্দি চিতাবাঘটিকে প্রাথমিক চিকিৎসার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে এলাকায় আরও চিতাবাঘ থাকতে পারে বলেও আশঙ্কা করছেন বনকর্মীরা। এদিকে চিতাবাঘ ধরা পড়ার খবরে স্বস্তি ফিরেছে চা বাগানের শ্রমিক মহলে।

