
খাদিমুল ইসলাম বানারহাট:– রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার বিভিন্ন সরকারি ভবনের রঙেও দেখা যাচ্ছে পরিবর্তনের ছোঁয়া। নীল-সাদা রঙের পরিবর্তে একাধিক গ্রাম পঞ্চায়েত অফিস ও কমিউনিটি হলে করা হচ্ছে সাদা-গেরুয়া রং। জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েত অফিস এবং বানারহাট ব্লকের দুরামারি কমিউনিটি হলে নতুন করে সাদা-গেরুয়া রং করার কাজ শুরু হয়েছে। বিষয়টি ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। স্থানীয় একাংশের দাবি, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সরকারি ভবনে গেরুয়া-সাদা রঙের ব্যবহার বাড়ছে। অন্যদিকে বিজেপির দাবি, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে সরকারি ভবনগুলিতে নীল-সাদা বা সবুজ-সাদা রঙের প্রাধান্য ছিল। বর্তমান সরকার নতুন রঙের মাধ্যমে সরকারি ভবনগুলিকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে। তবে এই রং পরিবর্তন নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি।

