
ঋদ্ধি ভট্টাচার্য, কোলকাতা:– ভারতবর্ষের বহুমাত্রিক সংস্কৃতি ও বাঙালির চিরন্তন ঐতিহ্যকে এক অনন্য মঞ্চে তুলে ধরল এক বিশেষ প্রদর্শনী। দেশের বিভিন্ন প্রান্তের বধূসজ্জার বৈচিত্র্য এবং বাঙালির সাবেকিয়ানা একসঙ্গে উপস্থাপিত হওয়ায় অনুষ্ঠানে সৃষ্টি হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ। ঐতিহ্যের সঙ্গে আধুনিক উপস্থাপনার মেলবন্ধন দর্শকদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহের সঞ্চার করে। এই প্রদর্শনীতে র্যাম্পে অংশ নেন সাহিন চৌধুরী, অনন্যা বাগ, মৌমিতা ঘোষ, ঋতু গাইন, অনন্যা পুরকায়েত, শরণ্যা মল্লিক, পিঙ্কি পাহাড়ি ও হৈমন্তী মণ্ডল। তাঁদের সাবলীল উপস্থাপনা ভারতীয় সংস্কৃতির নান্দনিকতাকে আরও উজ্জ্বল করে তোলে।
মডেলদের রূপসজ্জায় দক্ষতার পরিচয় দেন সানিয়া সিনহা, অর্পিতা মুখার্জী, প্রীতি রায় দাস, পৌলমী সাহা, অনামিকা দাস, নবমিতা ঘোষ, সাহিনা সালাহউদ্দিন, স্নেহা সেঠ, আরিফা বিবি এবং তনুশ্রী মণ্ডল। উল্লেখযোগ্যভাবে, আয়োজকের দায়িত্ব পালনের পাশাপাশি তনুশ্রী মণ্ডল প্রসাধনী শিল্পীর ভূমিকাতেও সমান দক্ষতার পরিচয় দেন। চিত্রগ্রাহক দীপা বর্মনের ক্যামেরায় ধরা পড়ে অনুষ্ঠানের প্রতিটি আকর্ষণীয় মুহূর্ত। রয়াল ড্রেস ও জুয়েলারির মনোমুগ্ধকর পোশাক পরিবেশন পুরো আয়োজনকে আরও বর্ণময় করে তোলে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্ত দাশগুপ্ত। ঐতিহ্য, সৌন্দর্য ও সৃজনশীলতার এই সম্মিলিত আয়োজন উপস্থিত সকলের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

