
দুরামারিতে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের দুরামারি নতুন বাজার এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে প্রবল বৃষ্টির সুযোগ নিয়ে একটি মিষ্টির দোকান থেকে একটি এলপিজি গ্যাস সিলিন্ডার এবং কিছু নগদ অর্থ চুরি হয়ে যায়। রবিবার সকালে দোকান খুলতে গিয়ে বিষয়টি নজরে আসে দোকান মালিকের। এরপরই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ, স্থানীয় বাসিন্দারা তদন্ত চালিয়ে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেন। প্রথমদিকে তিনি চুরির অভিযোগ অস্বীকার করলেও পরে জিজ্ঞাসাবাদের মুখে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে দাবি স্থানীয়দের। অভিযোগ, চুরি যাওয়া গ্যাস সিলিন্ডারটি তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়। এরপর উত্তেজিত জনতার একাংশ ওই যুবককে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে দুরামারি ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বানারহাট থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সোনাই সরকার। স্থানীয়দের অভিযোগ, অতীতেও তাঁর বিরুদ্ধে চুরির একাধিক অভিযোগ উঠেছিল। তবে সে সময় তিনি নাবালক হওয়ায় আইনি প্রক্রিয়ার পর ছেড়ে দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।যদিও পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় থানায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ দায়ের হলে প্রয়োজনীয় তদন্ত শুরু করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

