খাদিমুল ইসলাম বানারহাট:– সাধারণত পুলিশের হাতে দেখা যায় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, অপরাধ দমন এবং সমাজে শান্তি বজায় রাখার কাজ। কিন্তু শনিবার এক ভিন্ন ভূমিকায় দেখা গেল বানারহাট থানার পুলিশ কর্মীদের। উর্দিধারী পুলিশকর্মীদের হাতে বন্দুকের পরিবর্তে ছিল ঝাঁটা, কোদাল, খুকরি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিভিন্ন সরঞ্জাম। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বানারহাট থানার চত্বরে আগাছা, ছোট-বড় ঝোপঝাড় এবং বিভিন্ন প্লাস্টিক বর্জ্য জমে ছিল। থানার মূল প্রবেশদ্বারের সামনে নালাতেও জমেছিল আবর্জনার স্তূপ। সেই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর অংশ হিসেবে শনিবার সকাল থেকে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন থানার পুলিশ অফিসার ও কর্মীরা। এই অভিযানে নেতৃত্ব দেন বানারহাট থানার আইসি সুরোজ থাপা। পুলিশকর্মীরা থানার চত্বর, নালা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি আগাছা ও ঝোপঝাড়ও পরিষ্কার করেন। ফলে থানার পরিবেশ অনেক বেশি পরিচ্ছন্ন ও আকর্ষণীয় হয়ে ওঠে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতাই নয়, থানায় নতুন করে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি থানা চত্বরে যাতে কেউ আবর্জনা না ফেলেন, সে জন্য সচেতনতামূলক ব্যানার টাঙানো হয়েছে। থানা প্রাঙ্গণে থুতু ফেলা ও অপ্রয়োজনীয়ভাবে বাইক নিয়ে প্রবেশের ক্ষেত্রেও কড়া নজরদারি চালানো হচ্ছে। থানায় আসা সাধারণ মানুষেরা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, পরিচ্ছন্ন ও সুসংগঠিত পরিবেশ সাধারণ মানুষের কাছে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল করে তুলবে।

