খাদিমুল ইসলাম, বানারহাট:– হারিয়ে যাওয়া মোবাইল ও সাইবার প্রতারণায় খোয়া যাওয়া টাকা ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন বানারহাট এলাকার সাধারণ মানুষ। জেলা পুলিশের নির্দেশে পরিচালিত প্রত্যর্পণ কর্মসূচি’র মাধ্যমে শনিবার বানারহাট থানায় এক অনুষ্ঠানের আয়োজন করে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময়ে বানারহাট এলাকার বাসিন্দারা মোবাইল হারানো কিংবা চুরি হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন। সেইসব অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে উন্নত প্রযুক্তির সাহায্যে মোট ২১টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় বানারহাট থানার পুলিশ। পাশাপাশি সাইবার প্রতারণার শিকার হওয়া তিনজনের কাছ থেকে খোয়া যাওয়া মোট ৩৫ হাজার টাকা ও উদ্ধার করা হয়। শনিবার বানারহাট থানায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে সাইবার প্রতারণার শিকার তিনজন ব্যক্তির হাতে উদ্ধার হওয়া অর্থও তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি এলাকাবাসী। অনেকেই মনে করেছিলেন, মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর হয়তো আর তা ফিরে পাওয়া সম্ভব নয়। কিন্তু থানায় অভিযোগ জানানোর পর পুলিশের সক্রিয় তৎপরতায় হারানো মোবাইল ও টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন তাঁরা। এদিনের প্রত্যার্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ), ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক, বানারহাট থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।।


